ফেনীতে ব্যবসায়ীর সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কাপড়ের ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মো. শহিদুল ইসলামকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ফেনী সদর হাসপাতালে সাংবাদিকদের কাছে দাবি করেন, গতকাল দুপুর ১২টার দিকে তিনি শহরের গুদাম কোয়ার্টারের বাসা থেকে রিকশায় করে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। সেখানে একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল তাঁর। রিকশাটি কিছু দূর যাওয়ার পর অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে এবং গুলি করে তাঁর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগটিতে ২২ লাখ ৫৬ হাজার টাকা ছিল বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় ওই ব্যবসায়ীর পক্ষে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।