ফেনীতে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এই ঘটনা ঘটে।
আহত জামাল উদ্দিন মার্কেন্টাইল ব্যাংকের দাগনভূঞা শাখায় ক্যাশ কর্মকর্তা হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন দাগনভূঞায় ব্যাংকের কাজ শেষে বাসযোগে ফেনী শহরের মহিপালে আসেন। এরপর তিনি রিকশাযোগে বাসায় ফিরছিলেন। শহীদ শহীদুল্লা কায়সার সড়কে চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত অতর্কিতে জামালের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে তাঁর চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে। পরে জামালের হাতে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। গতকাল শুক্রবার জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়। তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।