ফেনীতে ব্র্যাক কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ব্র্যাক কর্মীকে ছুরিকাঘাত করে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এই ঘটনা ঘটে।
ব্র্যাকের শহরের পাঠানবাড়ী রোড শাখার ব্যবস্থাপক অমিয় ভূষণ রায় বলেন, শাখার হিসাবরক্ষক মফিজুল ইসলাম ও নুরুল ইসলাম ৬ লাখ ৩৯ হাজার টাকা জমা দিতে মোটরসাইকেলযোগে পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। শহীদ শহীদুল্লা কায়সার সড়কে চক্ষু হাসপাতালের পাশে দুই দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে তাঁদের গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে মফিজুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মফিজুলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পরশুরামে ডাকাতি: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামের একটি বাড়িতে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।
গৃহকর্তা এনামুল হকের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে ৪৭ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও মুঠোফোন সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।