ফেনীর রামপুর শাহীন একাডেমী এলাকা থেকে পাঁচ বছর গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত মা জাহানারা বেগম ও ছেলে মেহেদী ইসলামের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসকের ওপর ভার দেওয়া হয়েছে।
গত রোববার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ আদেশ দেন। আদেশে বলা হয়, শিশু ভিকটিমের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতকরণের জন্য শিশু আইনের বিধান মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ফেনী জেলা শিশু কল্যাণ বোর্ডেও সভাপতিকে (জেলা প্রশাসক) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
রোববার সকালে ফেনী থানার পুলিশ মা ও ছেলেকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার অনুমতি প্রার্থনা করে এবং মা ও ছেলের ভবিষ্যৎ চিকিৎসা ও ভরণপোষণ কে বা কারা ব্যবস্থা করবে অথবা দায়িত্ব কারা নেবে সে সম্পর্কে আদালতের অভিমত জানতে চায়।
আদালত সূত্র জানায়, যেহেতু মা ও ছেলে মানসিকভাবে সুস্থ নয়, সেহেতু তাদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা যাবে না।