
লাগাতার অবরোধে ফেনীর দাগনভূঞায় মাছবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক ও সহকারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া কক্সবাজারের চকরিয়ায় অপর একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় চালকের সহকারী আহত হয়েছেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের ৭৪তম দিন ছিল গতকাল শুক্রবার। নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় এদিন রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চার জেলা থেকে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার বা আটক করা হয়েছে ৫৪ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুদিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২৩ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭৩০টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬০টি।
পেট্রলবোমায় দগ্ধ: ফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল ভোর পাঁচটার দিকে ট্রাকে পেট্রলবোমা হামলায় পাঁচজন দগ্ধ হয়েছেন। পুলিশ বলেছে, মাছ নিয়ে ট্রাকটি কুমিল্লার নিমসার বাজার থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞার মাতুভূঞা এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা ছুড়লে এতে আগুন ধরে যায়।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. ইউসুফ খান (৫৫), সহকারী আবুল হোসেন (৪৯), ব্যবসায়ী মো. ওয়াসিম (২৮) এবং কর্মচারী রবিউল ইসলাম (১৬) ও মো. রোকন (২৪)। তাঁদের সবার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউসুফ, আবুল হোসেন ও ওয়াসিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মো. ইউসুফের শরীরের ২৫ শতাংশ ও ওয়াসিমের ১২ শতাংশ পুড়ে গেছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মির্জ্জা মু. তাইয়েবুল ইসলাম বলেন, ইউসুফ খানের অবস্থা খারাপ। অন্যরা কিছুটা কম দগ্ধ হয়েছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখানী ইউনিয়নের বাঘগুজারার মরংঘোনা সেতু এলাকায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালকের সহকারী রেজাউল করিম আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কে মরংঘোনা সেতুর দক্ষিণ পাশে দুর্বৃত্তরা গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহেশখালীগামী শণভর্তি একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা শণে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থায়ই চালক ট্রাক ঘুরিয়ে পেকুয়ার দিকে যেতে থাকেন। পরে লোকজনের খবরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভান। আর ট্রাক থেকে শণ নামানোর সময় আহত হন চালকের সহকারী রেজাউল।
গ্রেপ্তার-আটক: সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার রাতে বিএনপির একজন ও জামায়াতের আটজন নেতা-কর্মীসহ ৩৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন দাবি করেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সুনামগঞ্জ পৌর শহরে গতকাল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াকিফুর রহমান, আকবর হোসেন ও আবুল মনসুর। বেলা আড়াইটার দিকে নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোসংক্রান্ত মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁদের।
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলার ঘটনায় চাঁদপুর আল আমিন একাডেমির উপাধ্যক্ষ ও শহর জামায়াতের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের মুখার্জি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, গত বুধবার রাতে পেট্রলবোমা হামলার ঘটনায় থানার এসআই হামিদুল হক জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এই মামলায় কাজী মুরাদ হোসেনকে আটক করা হয়েছে।
এদিকে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, নাশকতার অভিযোগে বিভিন্ন স্থান থেকে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দক্ষিণ কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানও রয়েছেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}