ফেনীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট হাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বদরপুর গ্রাম এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় মো. মীর নওশাদ আলী (৫২) নামের একজন আনসার সদস্য নিহত এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানাসহ দুজন আহত হয়েছেন। এ সময় মো. সুমন (৩০) নামের এক ব্যক্তিকে মারধর করে অপহরণ ও আনসার সদস্যের অস্ত্রটিও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মো. সুমন মাদকবিরোধী অভিযানের একজন সোর্স হিসেবে কাজ করছিলেন।

আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত বুধবার রাতে বদরপুর গ্রামে মাদকবিরোধী অভিযানের সময় এ হামলার ঘটনাটি ঘটেছে। এ সময় পুলিশ ১৪টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ীরা ভারতীয় সীমান্ত এলাকার খানাবাড়িতে আশ্রয় নেন। রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, বুধবার রাত নয়টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে বদরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু হয়। এতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানার সঙ্গে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা ছিলেন।

অভিযানের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা অতর্কিতে হামলা করেন। তাঁদের হামলায় আনসারের ল্যান্সনায়েক নওশাদ আলী নিহত হন এবং তাঁর অস্ত্রও কেড়ে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট সোহেল রানা এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। সোর্স সুমনকে মারধর করে জোরপূর্বক অপহরণ করে ভারতের দিকে নিয়ে যান।

রাতেই বিষয়টি বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীকে (বিএসএফ) জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। বৈঠক শেষে আনসার সদস্য নওশাদের লাশ, অস্ত্র এবং অপহৃত সুমনকে ফেরত দেওয়া হতে পারে।

এ ঘটনায় বুধবার রাত থেকে বদরপুর সীমান্ত এলাকার মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।