কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফেনীতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
সকালে শহরের ট্রাংক রোড ও জেল রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই সময় বিশাল ব্যানারে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাশেদ মাযাহার, কাজী ইকবাল আহমেদ ও সমর দেবনাথ। সভাপতিত্ব করেন ইমন উল হক। গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস ওরফে টুটুল।
মানববন্ধনে ফেনী সরকারি কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আর্য সাংস্কৃতিক কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, কিশোর থিয়েটার, সুবচন নাট্যগোষ্ঠী, প্রথম আলো ফেনী বন্ধুসভা, ফেনী ক্রিকেট একাডেমি, ফেনী ক্রিকেট অ্যাসোসিয়েশন, আরবান ইয়ুথ সোসাইটি, আভাস, মাহবুব উল হক পেয়ারা ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী সদস্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।