ফেনীতে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও শিক্ষকনেতা মীর হোসেন ভূঁঞার বাড়িতে গত রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেনী সদর উপজেলার সোনাপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা মীর হোসেন ভূঁঞার বাড়িতে ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
মীর হোসেন ভূঁঞা জানান, ডাকাতদের কেউ কেউ মুখোশধারী ছিল। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ২০০৪ সালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই শিক্ষকনেতার বাড়িটি পুড়ে যায়।