ফেনীতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আনোয়ার উল্যার ছেলে। এ ঘটনায় পুলিশ মো. ইউসুফ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর গ্রামের আনোয়ার উল্যার ছেলে আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের সুলতান আহাম্মদের ছেলে মো. ইউসুফের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমজাদ হোসেন বাড়ির পাশের স্থানীয় ফকিরহাট বাজারে যান। এ সময় তাঁকে একা পেয়ে ইউসুফ তাঁর কয়েকজন সহযোগী নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ রাতেই এ ঘটনায় ইউসুফকে গেপ্তার করেছে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।