ফেনীতে যুবদলের নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত!
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী সময় টিভির প্রতিবেদক আতিয়ার হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আতিয়ার হাওলাদারের অভিযোগ, গতকাল রোববার বিকেলে তিনি সংবাদ সংগ্রহের জন্য শহরের তাকিয়া রোডে যান। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদলের নেতা আনোয়ার তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় পিস্তল দেখিয়ে তাঁর প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে আনোয়ারের সহযোগীরা তাঁকে (আতিয়ার) ধাওয়া করেন।
আতিয়ার হাওলাদার বলেন, আগের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে যুবদলের নেতা আনোয়ার তাঁর (আতিয়ার) ওপর ক্ষিপ্ত ছিলেন।
ঘটনার প্রতিবাদে ফেনী প্রেসক্লাবের সদস্যরা বিক্ষোভ করেন। ফেনী প্রেসক্লাবের সভাপতি নূরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ ঘটনার নিন্দা জানান। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানা যায়নি।
ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।