ফেনীতে যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা কাঁদানে গ্যাস-গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে যুবদলের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় যুবদলের আটজন কর্মী আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় মার্কেটের সামনে থেকে শুরু হয়ে খেজুর চত্বর হয়ে ট্রাংক রোডের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা ডিঙিয়ে মিছিলটি সামনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ প্রথমে লাঠিপেটা করে। এ সময় যুবদলের কর্মীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তখন পুলিশ একটি কাঁদানে গ্যাসের শেল ও ও ১২টি শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় যুবদলের আট নেতা-কর্মী আহত হন।
জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করা ছাড়াও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শটগানের গুলি ছোড়ে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, অনুমতি না নিয়ে যুবদলের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশের বাধা উপেক্ষা করায় মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়ে ১২টি শটগানের গুলি ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।