ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
ফেনীর শর্শদীতে পারিবারিক কলহের সালিসে মোর্শেদ হোসেন (২৬) নামে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।
মোর্শেদ হোসেনকে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার জের ধরে মোর্শেদের সমর্থকেরা প্রতিপক্ষ যুবলীগের কর্মী রকি ও লিটনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার উত্তর শর্শদী গ্রামে গতকাল শুক্রবার বিকেলে আইয়ুব আলী নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধের নিষ্পত্তি করতে যান স্থানীয় যুবলীগের নেতা মোর্শেদ হোসেন। এ সময় মোর্শেদ হোসেনের প্রতিপক্ষ হিসেবে পরিচিত যুবলীগের কর্মী রকি ও রায়হানের নেতৃত্বে পাঁচ-ছয় সন্ত্রাসী অতর্কিতে লোহার শাবল নিয়ে তাঁর ওপর হামলা ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শর্শদীতে একজনকে কুপিয়ে আহত এবং প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা শোনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।