ফেনীতে যুবলীগ-যুবদলের পাল্টাপাল্টি হামলায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে যুবলীগ ও যুবদলের পাল্টাপাল্টি হামলায় ছয় ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেছে।
বালিগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, গত শুক্রবার রাতে যুবলীগের সমর্থক জহিরুল হক, মোবারক হোসেন ও কামরুল হাসানকে পিটিয়ে ও গুলি করে আহত করে যুবদলের সমর্থকেরা।
অপরদিকে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করেন, যুবদলের কর্মী মো. রাসেলকে গুলি করে, গিয়াস উদ্দিন ও জিয়াউল হককে পিটিয়ে আহত করা হয়েছে। রাসেলকে ফেনী সদর হাসপাতালে ও অপর দুজনকে বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি এ হামলার জন্য যুবলীগের কর্মীদের দায়ী করেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের এক্কার দোকান এলাকায় গত কয়েক দিনে বেশ কটি সন্ত্রাসী ঘটনার কথা পুলিশ শুনেছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
যুবলীগের কর্মীকে কুপিয়ে আহত: ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. লিটন হাজারী (২৭) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে দলীয় প্রতিপক্ষ। গত শুক্রবার রাতে শহরের একাডেমি সড়কের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। লিটন হাজারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিটন হাজারী অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা ও কুপিয়ে জখম করেছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক মো. শাহিনুজ্জমান জানান, পুলিশ ঘটনাটি শুনেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি।