ফেনীতে যুবলীগের নেতার 'গুলিতে' নারী নিহত
ফেনীর সোনাগাজীতে যুবলীগের নেতার ‘গুলিতে’ এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বিবি হাজেরা খাতুন (২৮) ওই নেতার বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলার সাক্ষী ছিলেন। গতকাল শনিবার সকালে উপজেলার আউরারখিল গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার ঘটনায় হাজেরার মা বিবি আয়েশা বাদী হয়ে যুবলীগের নেতা জসিম উদ্দিনসহ সাতজনকে আসামি করে মামলা করেছেন।
হাজেরার তিন সন্তান। স্বামী গিয়াস উদ্দিনসহ তিনি মায়ের কাছে থাকতেন। জসিম হাজেরাদের প্রতিবেশী।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জানান, জসিম উপজেলার বগাদানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, জসিমের বিরুদ্ধে বিবি আয়েশা পারিবারিক নির্যাতনের মামলা করেছিলেন। ওই মামলা প্রত্যাহার করার জন্য গত শুক্রবার রাতে বিবি আয়েশাকে অস্ত্রের ভয় দেখিয়ে শাসান জসিম। গতকাল সকালে কয়েকজন সহযোগীসহ আবার ওই বাড়িতে যান তিনি। তর্কাতর্কির একপর্যায়ে জসিম হাজেরাকে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন জানান, জসিম উদ্দিন পারিবারিক ও নারী নির্যাতন মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।