ফেনীতে রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের একটি রেস্তোরাঁর মালিক এক কলেজছাত্রীর (২০) শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেস্তোরাঁর ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ফেনী শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় লতিফ টাওয়ারে অবস্থিত টাইমপাস রেস্তোরাঁর মালিক ওমর ফারুক চাকরির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই ছাত্রী তাঁর সঙ্গে রেস্তোরাঁয় দেখা করতে যায়। এ সময় ওমর ফারুক ওই ছাত্রীকে তাঁর কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন। পরে ওই শিক্ষার্থী কক্ষ থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় লোকজন বিষয়টি ফেনী থানার পুলিশকে জানান।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ওই রেস্তোরাঁয় গেলে মালিক ওমর ফারুক পালিয়ে যান। পরে পুলিশ রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. জাহাঙ্গীরকে (৪৫) গ্রেপ্তার করে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, রেস্তোরাঁর মালিক ওমর ফারুক পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।