ফেনীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত
ফেনী সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে আজ ও বুধবার ভোরে র্যাবের সঙ্গে পৃথক দুই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন মো. কবির হোসেন (৩৫) ও মো. সুমন (৩৫)। নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ মো. কবির হোসেন নিহত হন। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি, একটি ওয়ান শুটারগান ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, আজ ভোররাত চারটার দিকে র্যাবের একটি টহল দল ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে কবিরের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে গতকাল রাত ১০টার দিকে ফেনী সদর উপজেলার সুলতানপুর কবিরাজ পুকুরপাড়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সুমন ওরফে লাল সুমন নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর কাঁঠালতলা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১৪টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।