ফেনীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ফেনীর সোনাগাজীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একটি ‘জলদস্যু বাহিনীর প্রধান’ আবুল কালাম ওরফে ভাগিনা কালাম (৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্যমতে, একদল সশস্ত্র লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এই খবরের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে র্যাবের একটি দল ইতালি মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতেরা র্যাব সদস্যদের লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে এলাকার জলদস্যু বাহিনীর প্রধান আবুল কালাম ওরফে ভাগিনা কালাম বলে শনাক্ত করেন।
স্থানীয় লোকজন জানান, আবুল কালাম এলাকায় যুবদলের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, আবুল কালামের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা আছে। এ ছাড়া ডাকাতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে। সব মিলিয়ে আবুল কালামের বিরুদ্ধে মামলার সংখ্যা ২৫টিরও বেশি। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি শটগান ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।