ফেনীতে লাঠির আঘাতে নিহত ১
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় আহছান উল্লাহ (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জমি নিয়ে পালগিরি গ্রামের মো. মোস্তফা ও তাঁর ভাই মাঈনউদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে মো. মোস্তফার নিয়োজিত দিনমজুর আহছান বিরোধপূর্ণ জমিতে কাজ করছিলেন। এ সময় মাঈনউদ্দিন তাঁকে বাধা দেন। একপর্যায়ে মাঈনউদ্দিন লাঠি দিয়ে আহছানকে এলোপাতাড়ি মারধর করেন। পরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আহছান মারা যান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা প্রথম আলোকে বলেন, মাথায় আঘাতের কারণে আহছানের মৃত্যু হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় নিহত আহছানের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে মাঈনউদ্দিনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মাঈনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।