ফেনীতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুর উদ্দিন ওরফে অপু (১৭) ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে।

গত রোববার সন্ধ্যায় নুর উদ্দিনকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ফেনী টাওয়ারের সামনে থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মহিপাল এলাকায় নিয়ে পিটিয়ে জখম করে ফেলে যায় তারা। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ফেনী শহরে খালার বাসায় থেকে পড়ালেখা করত নুর উদ্দিন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ বলেন, কী কারণে নুর উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।