ফেনীর সোনাগাজীতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে তার জেঠাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে প্রতিবন্ধী শিশুটি (৮) বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় জেঠা জ্ঞান দাসের সঙ্গে তার দেখা হয়। জ্ঞান দাস তাকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। লজ্জায় শিশুটির পরিবার কাউকে কিছু জানায়নি। হাসপাতালে শিশুটির অবস্থার কোনো উন্নতি না হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। গতকাল সকালে জ্ঞান দাসকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।