ফেনীতে নূর আলম (৭) নামের একটি শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা।
নূর আলম ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনীয়া গ্রামের মো. সেলিমের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার দুপুর থেকে নূর আলম নিখোঁজ ছিল। পরে গত রোববার রাত ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি মুরগির খামারের পাশের পুকুর থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা মো. সেলিম ওই মুরগির খামারের মালিকের বোন জিন্না বেগমকে আসামি করে ফেনী থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মুরগির খামারটির মালিক মো. ইব্রাহীম নামের এক ব্যক্তি। তাঁর বোন জিন্না বেগম খামারটি দেখাশোনা করেন। পুলিশ জানায়, জিন্না বেগম পলাতক।
পুলিশ সূত্র জানায়, মামলার এজাহারে বলা হয়েছে, মুরগির খামারের ভেতরে ঢোকায় নূর আলমকে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও ডান হাতের দুই আঙুলের মাঝে বিদ্যুতে পোড়া ক্ষতচিহ্ন দেখা গেছে।