ফেনীতে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১
ফেনী শহরের সুলতানপুর এলাকায় সংঘর্ষে আহত যুবক হায়দার আলী (২৫) মারা গেছেন। গত রোববার দিবাগত রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
হায়দার আলীর বাড়ি ফেনী পৌরসভার সুলতানপুর গ্রামে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সুলতানপুরের সৈয়দনগর ও সুইপার কলোনি এলাকার দুই দল যুবকের মধ্যে বিরোধ দেখা দেয়। গত বৃহস্পতিবার সৈয়দনগর এলাকার চার-পাঁচজন যুবক সুইপার কলোনিতে মাদক কিনতে যান। আগের লেনদেন নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দনগর এলাকার যুবকদের চড়-থাপড় দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে ১০-১২ জন যুবক সুইপার কলোনি এলাকার একটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে হায়দার, ফারুক ও সামছুন নাহারসহ কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হায়দার ও ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।