ফেনীতে সন্ত্রাসী হামলায় আহত যুবদল কর্মীর মৃত্যু
সন্ত্রাসী হামলায় আহত ফেনীর যুবদল কর্মী দেলোয়ার হোসেন গতকাল শনিবার মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি চা দোকান থেকে তাঁকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে একটি খালপাড়ে তাঁকে ফেলে যায়।
দেলোয়ার হোসেনের বাড়ি সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
দেলোয়ারের ভাই মোশারফ হোসেন জানান, তাঁর ভাই যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। পাঁচ বছর তিনি মালয়েশিয়ায় ছিলেন। দেড় মাস আগে ছুটি নিয়ে বাড়ি আসেন। ২৭ মার্চ তাঁর চলে যাওয়ার কথা ছিল। দেলোয়ারে দুই ছেলে এক মেয়ে রয়েছে।
সন্ত্রাসীদের সঙ্গে হামলায় যুবলীগের ১০-১২ জন কর্মী অংশ নেন বলে অভিযোগ রয়েছে। ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নূর নবী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল দাবি করেন, হামলার ঘটনা যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটে থাকতে পারে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।