পাল্টাপাল্টি মামলা, ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেপ্তার
ফেনীতে সম্পত্তি নিয়ে বিরোধ, সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে বসতবাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন।
পুলিশ জানায়, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। বসতঘরের মালিকের পক্ষে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহম্মদ ওরফে কনু পেয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। পাল্টা মামলায় গৃহকর্ত্রী রহিমা খাতুনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষে নিহত ছাত্রলীগের কর্মী নূরনবী নঈমের (২২) বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে। রহিমা খাতুনের পরিবারের অভিযোগ, নূরনবী ভাড়াটে হিসেবে ওই বাড়িতে হামলা চালাতে গিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫৪ শতক সম্পত্তি নিয়ে ওমরপুর গ্রামের মুসলিম তালুকদারবাড়ির রহিমা খাতুনের পরিবারের সঙ্গে পাশের চানপুর গ্রামের এক ব্যক্তির ৪০ বছর ধরে বিরোধ চলে আসছে। বছর দুয়েক আগে চানপুর গ্রামের ওই ব্যক্তি আওয়ামী লীগের নেতা পেয়ার আহম্মদের কাছে বিরোধপূর্ণ ওই জমি বিক্রির জন্য বায়নাপত্র করেন। সেই সূত্রে ওই সম্পত্তি দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে ওই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, শুক্রবার রাত ১২টার দিকে পেয়ার আহম্মদের নেতৃত্বে ছাত্রলীগের কিছু কর্মীসহ একদল বহিরাগত মুসলিম তালুকদারবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় একটি বসতঘরে ভাঙচুর করে। একপর্যায়ে বাড়ির লোকজন হামলাকারীদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলে নূরনবী নিহত হন। আহত হন দুই পক্ষের অন্তত চারজন। এর আগে গত বছরের ২৫ মে পেয়ার আহম্মদের নেতৃত্বে সন্ত্রাসীরা ওই বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। ওই ঘটনায় পেয়ার আহম্মদের বিরুদ্ধে মামলাও হয়েছিল।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় রহিমা খাতুনের ছেলে ইউনুছ কামাল (৪৫) ও তাঁর স্ত্রী আহত হন। তাঁরা চিকিৎসাধীন আছেন। অন্যদিকে আহত ছাত্রলীগের কর্মী মহিন উদ্দিন (২৬) ও ফিরোজ আলমকে (২০) প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মহিনের বাড়ি পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুরে, ফিরোজের বাড়ি একই ইউনিয়নের মাথিয়ারা গ্রামে।
স্থানীয় একটি সূত্রমতে, নিহত নূরনবী পাঁচগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন মানিক বলেন, নিহত নূরনবী এবং আহত মহিন ও ফিরোজ ছাত্রলীগের সাধারণ কর্মী।
দাগনভূঞা থানায় আটক রহিমা খাতুন বলেন, তাঁদের পরিবার ৭০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করে আসছে। বাড়িতে তাঁর তিন ছেলের তিনটি বসতঘর আছে। তাঁদের ওই পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা চলছে। তিনি বলেন, গত শুক্রবার রাতে পেয়ার আহম্মদের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় তাঁর ছেলে ইউনুছ কামাল ও তাঁর স্ত্রী আহত হন। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে দাগনভূঞা থানায় আটক আওয়ামী লীগের নেতা পেয়ার আহম্মদ হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল আজিম বলেন, নূরনবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। নিহত নূরনবীর বাবা আবদুর রহমানের করা হত্যা মামলায় রহিমা খাতুন, তাঁর ছেলে ইউনুছ কামালসহ নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চার-পাঁচজনকে। মামলার এজাহারে বলা হয়, নূরনবী, মহিন, ফিরোজসহ আরও কয়েকজন আওয়ামী লীগের নেতা পেয়ার আহম্মদের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে ফেরার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে রহিমা খাতুনের মেয়ে সাজেদা বেগম এ ঘটনায় আরেকটি মামলা করেন। এতে আওয়ামী লীগের নেতা পেয়ার আহম্মদসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন। সাজেদার করা মামলার এজাহারে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়। এ ছাড়া বাড়ির এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
পুলিশ সুপার মো. রেজাউল হক গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।