ফেনীতে সাংবাদিক রাশেদুল হাসানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তাঁর দুই হাত ভেঙে গেছে। গতকাল শুক্রবার ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের কর্ণপুর গ্রামে গতকাল দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার লালমনিরহাটের নিজস্ব সংবাদদাতা জাহাঙ্গীর আলম ওরফে শাহিন আহত হয়েছেন। আহত জাহাঙ্গীর বলেন, দুর্বৃত্তরা গলা কেটে তাঁকে হত্যার চেষ্টা করেছে।
ফেনীতে দুর্বৃত্তদের হামলায় আহত রাশেদুল হাসান অনলাইন সংবাদমাধ্যম নতুন ফেনী ডটকমের সম্পাদক। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা পরিচালক।
রাশেদুল হাসান জানান, গতকাল সকালে তিনি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে যান। দুপুরের দিকে কয়েকজন লোক তাঁকে তথ্যসেবাকেন্দ্রের বাইরে ডেকে নিয়ে যায়। সেখান থেকে দুর্বৃত্তরা তাঁকে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাঁর দুই হাত ভেঙে দেয়।
স্থানীয় ব্যক্তিরা রাশেদুলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আবু তাহের জানান, রাশেদুলের দুই হাত ভেঙে গেছে।
স্থানীয় দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক শাহাদাত হোসেন জানান, আহত রাশেদুল হাসান একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি বলেন, সংবাদসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তিনি দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক বলেন, কোনো সাংবাদিকের আহত হওয়ার কথা তাঁরা জানেন না।
ফেনী প্রেসক্লাবের সভাপতি নূরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ সাংবাদিক রাশেদুল হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের কর্ণপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরেক বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দেখা দেয়। গতকাল এ নিয়ে সাজ্জাদের বাড়িতে সালিস বৈঠক বসে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় সালিসে সাজ্জাদকে মারধর করা হয়। সাংবাদিক জাহাঙ্গীর আলম এ সংবাদ সংগ্রহ করতে গেলে দুবৃর্ত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে। জাহাঙ্গীরের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।