ফেনীতে সাংসদ ও ভাইস চেয়ারম্যানের পাল্টাপাল্টি মামলা
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যা এবং সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরন পাল্টাপাল্টি মামলা করেছেন।
সমাবেশ পণ্ড করে দেওয়া, সাংসদকে সড়কের ওপর আটকে রাখা এবং বাড়ি ফেরার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে হিরনের বিরুদ্ধে গতকাল শনিবার মামলা করেন সাংসদের ভাতিজা মো. শেখ ফরিদ। আর সাংসদের গাড়িবহর থেকে নিজের (হিরন) বাড়ি লক্ষ্য করে গুলি নিক্ষেপের অভিযোগে সাংসদের বিরুদ্ধে শুক্রবার মামলাটি করেন হিরন। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্র জানায়, সাংসদ রহিম উল্যা সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে তাঁর নিজস্ব মার্কেট চত্বরে গত শুক্রবার এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশ শুরুর কিছুক্ষণ আগে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে মাইক খুলে নিয়ে সমাবেশ পণ্ড করে দেন। সমাবেশস্থলে যাওয়ার পথে সাংসদকে সড়কের ওপর অবরোধ করে রাখেন। এ ছাড়া বাড়িতে ফিরে আসার পথে সাংসদের গাড়িবহর লক্ষ্য করে গুলি করে ও ককটেল নিক্ষেপ করেন।
পুলিশ জানায়, সমাবেশ পণ্ড করাসহ বিস্তারিত বিষয় উল্লেখ করে সাংসদের ভাতিজা মো. শেখ ফরিদ বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। এর আগে শুক্রবার রাতে সোনাগাজী থানায় মামলা করেন হিরন।
মামলার বর্ণনায় তিনি বলেন, সাংসদের গাড়িবহর থেকে তাঁর লাইসেন্স করা অস্ত্র দিয়ে তাঁর (হিরন) বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সাংসদের নাম উল্লেখ না করা হলেও এর বর্ণনায় সাংসদের নাম আছে।