ফেনীতে সাংসদের ওপর হামলার চেষ্টা, তোরণে আগুন
ফেনীতে স্বতন্ত্র সাংসদ হাজি রহিম উল্যার ওপর আজ শনিবার হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দাগনভূঞায় সাংসদের সৌজন্যে নির্মিত তোরণে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাংসদের নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ হাজি রহিম উল্যাহ দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক ও আশেপাশে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তিনি তখন স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে একটি সড়ক পরিদর্শনে যান। স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ সাংসদকে শুভেচ্ছা জানিয়ে এলাকায় বেশ কয়েকটি তোরণ নির্মাণ করে। শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাংসদের আগমন উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এতে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয় এবং সাংসদ হাজি রহিম উল্যাহকে শুভেচ্ছা জানিয়ে সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নির্মিত তোরণে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে সাংসদ রহিম উল্যাহ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে একটি মাজার পরিদর্শনের কথা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে সাংসদ ওই কর্মসূচিও বাতিল করেন।
সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী জানান, উপজেলা আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ না জানানোর কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তোরণ জ্বালিয়ে দেন। এতে সাংসদ এলাকা থেকে ফিরে গেছেন।
সাংসদ রহিম উল্যাহ অভিযোগ করে বলেন, আজ সন্ধ্যায় তিনি ফেনী সার্কিট হাউসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে গেলে সেখানে ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতা-কর্মী তাঁর সঙ্গীদের কয়েকজনকে মারধর করেন এবং তাঁকেও নানা ধরনের হুমকি দেন। পরে তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি এবং দাগনভূঞায় সভা করতে না দেওয়া ও সার্কিট হাউসে হামলার বিষয়টি অবহিত করে পুলিশের সহায়তা চান। দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির মুঠোফোনে তাঁকে দাগনভূঞার কর্মসূচি বাতিল করতে বলেছিলেন বলে অভিযোগ করেন সাংসদ।
এ বিষয়ে জানতে চাইলে দিদারুল কবির বলেন, সাংসদের ওপর হামলার বিষয়টি তিনি জানেন না। দাগনভূঞার কর্মসূচিতে থাকতে পারবেন না বলে সাংসদকে আগেই জানিয়েছেন বলে জানান তিনি।