ফেনীতে সাংসদের সভামঞ্চে হামলার ঘটনায় মামলা
ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার সভামঞ্চে হামলার ঘটনায় গতকাল বুধবার মামলা করেছে পুলিশ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে সাংসদের সভামঞ্চে হামলা ও ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম থানায় একটি মামলা করেছেন। মামলায় জলদস্যু বাহিনীপ্রধান আবুল কালাম ওরফে ভাগিনা কালামসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মো. শাহিন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের চান মিয়ার দোকান এলাকায় এলাকাবাসীর সঙ্গে সাংসদ রহিম উল্যার মতবিনিময় সভা ছিল। সাংসদ পৌঁছার আগে সন্ত্রাসীরা সভাস্থলে গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজন আহত হন।