ফেনীতে সাতটি অটোরিকশা ভাঙচুর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে গতকাল শনিবার ফেনী সদর উপজেলার ফতেপুরে নামক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সিএনজিচালিত সাতটি অটোরিকশা ভাঙচুর করেছে। বাধা দেওয়ায় এ সময় এক চালককে কুপিয়ে এবং আরও সাতজনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
পুলিশ, অটোরিকশাচালক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ফেনী সদর উপজেলার ফতেপুর স্টারলাইন ফিলিং স্টেশন থেকে একটি অটোরিকশা নিয়ে মোহাম্মদ ইলিয়াছ (২০) নামের এক তরুণ ফেনী শহরে যান। তাঁকে ফেনী মডেল থানার সামনে নামানো হলে তিনি আরও সামনে যেতে বলেন চালককে।
চালক রাজি না হলে ছেলেটি তাঁর বড় ভাই সুমনকে বিষয়টি জানান। সুমন কয়েকজন সঙ্গী নিয়ে দুপুর ১২টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে সাতটি অটোরিকশা ভাঙচুর করেন। বাধা দিলে তাঁরা মো. ইব্রাহিম (২৪) নামের এক চালককে এলোপাতাড়ি কোপান। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় যুবকদের ছোড়া ইটপাটকেলে আরও সাত চালক আহত হন। ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।