ফেনীতে সিনেমা হলমালিকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সিনেমা হলের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হলের যন্ত্রপাতিও জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, শহরের মাস্টারপাড়ার কানন সিনেমা হলে সেন্সরবোর্ডের ছাড়পত্রবহির্ভূত চলচ্চিত্র দেখানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসনের কর্মকর্তা পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় হলটিতে কাটপিস জুড়ে দিয়ে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের আলামত পান তাঁরা। পুলিশ সিনেমা হলের মালিক সাদ্দাম হোসেন চৌধুরী, কর্মচারী মোহাম্মদ রুবেল ও অলক চ্যাটার্জিকে গ্রেপ্তার করে। পরে হলের প্রজেক্টর, কম্পিউটার ও বিপুল পরিমাণ সিডি জব্দ করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।