ফেনীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে তার সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ফারহানা আক্তার সুমি (১৩) স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় ওই ছাত্রীর মামা একরামুল হক ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের গ্রিসপ্রবাসী নূর ইসলামের মেয়ে ফারহানা আক্তারকে তার সৎমা মরিয়ম বিবি (৩৮) নানা অজুহাতে প্রায়ই মারধর করতেন। গত রোববার বিকেলে স্কুল থেকে ফেরার পর তিনি ফারহানাকে বেধড়ক মারধর করেন। এর ফলে মাথায় আঘাত পেয়ে সে মারা যায়। এ সময় সৎমা ওই ছাত্রীর মুখে কীটনাশক ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।
স্থানীয় সূত্র জানায়, প্রবাসী নূর ইসলামের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বছর খানেক আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন।
নূর ইসলামের ছেলে সাজিদুল ইসলামের (১৫) অভিযোগ, বাবা বিদেশে যাওয়ার পর থেকে সৎমা নিয়মিত তাদের মারধরসহ নানা ধরনের নির্যাতন করতেন। বাবা বিদেশ থেকে ফোন করলে সৎমা তাদের ফোনে কথা বলতে দিতেন না। তার দাবি, সৎমায়ের নির্যাতনেই তার বোন ফারহানা মারা গেছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ফারহানার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, এ ঘটনায় মরিয়ম বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি বলেন, ফারহানার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।