ফেনীতে স্বতন্ত্র সাংসদের অনুষ্ঠান পণ্ড করল আ. লীগ-যুবলীগ
ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সাংসদ হাজি রহিম উল্যার দুটি অনুষ্ঠান স্থানীয় লোকজনের হামলায় পণ্ড হয়ে গেছে। সাংসদ এই ঘটনার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আজ শনিবার সংঘটিত এই হামলায় পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার আউশ ধান চাষিদের প্রণোদনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় স্বতন্ত্র সাংসদ হাজি রহিম উল্যার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে যান। তাঁরা অনুষ্ঠানস্থলের চেয়ার, মাইক ভাঙচুর করেন। এ সময় অনুষ্ঠানে আসা কৃষকদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন ওই নেতা-কর্মীরা।
এ ছাড়া সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংসদ রহিম উল্যার স্থানীয় স্বাস্থ্য সেবা কমিটির সভায় যোগ দেওয়ার কথা ছিল। এ খবর জানতে পেরে বেলা সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটর সাইকেলযোগে ২০-২৫ জন যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তাঁরা উপস্থিত সবাইকে ধাওয়া করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরাও ভয়ে পালিয়ে যান। হামলাকারী যুবকেরা স্বাস্থ্য কর্মকর্তাদের নাম ধরে ডাকাডাকি করে স্বাস্থ্য সেবা কমিটির সভা না করতে চিকিৎসকদের শাসিয়ে যান।
সাংসদ রহিম উল্যা অনুষ্ঠান পণ্ডের জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, যুবলীগ নেতা ও সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক ওরফে হিরনসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন।
এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সাংসদ ও তাঁর আত্মীয়স্বজনের কিছু কাজে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন এ হামলা করেছে। আ. লীগ ও যুবলীগ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান ও স্বাস্থ্যসেবা কমিটির সভাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।