ফেনীতে স্বতন্ত্র সাংসদের সভাস্থলে ককটেল-গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চাঁন মিয়ার দোকান এলাকা আজ মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার সভাস্থলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আশরাফ ছিদ্দিকী এবং দুই কনস্টেবল মো. রফিক ও ছানা উল্যা। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার আজ বিকেলে চাঁন মিয়ার বাজার এলাকায় নির্মাণাধীন একটি হাসপাতাল ও একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উন্নয়নকাজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে সাংসদের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে সভাস্থলে পুলিশের একটি দল ও স্থানীয় কিছু লোক জড়ো হয়। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি গুলি ছোড়ে। তারা সভামঞ্চে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সদস্যরা চাইনিজ রাইফেলের ১৪টি গুলি ও ১০টি শর্টগানের ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর রহিম উল্যা ঘটনাস্থলে যান। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি সোনাগাজীতে ফিরে যান।

স্বতন্ত্র সাংসদ রহিম উল্যা দাবি করেন, স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম ওরফে ভুট্টুর নেতৃত্বে ভাড়াটে দুর্বৃত্তরা এ হামলা চালায়। তবে সোনাগাজী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ওরফে ভুট্টু সাংসদের এ অভিযোগ অস্বীকার করেছেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের হামলা ঠেকাতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়।