ফেনীতে স্বতন্ত্র সাংসদের সভাস্থলে গুলি-ককটেল
ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চান মিয়ার দোকান এলাকায় গতকাল মঙ্গলবার স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার সভাস্থলে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজন আহত হন।
যুবলীগের এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে চান মিয়ার দোকান এলাকায় নির্মাণাধীন একটি হাসপাতাল ও একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উন্নয়নকাজ পরিদর্শনের কর্মসূচি ছিল ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার। এ উপলক্ষে সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে সাংসদের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত সভাস্থলে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও বেশ কয়েকটি গুলি ছোড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ ১৪টি ফাঁকা গুলি ও ১০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টারের আঘাতে কমপক্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে সোনাগাজী থানার কনস্টেবল মো. রফিক ও ছানা উল্যা এবং স্থানীয় আশরাফ ছিদ্দিকীর নাম জানা গেছে। অপর দুজনের নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার কিছুক্ষণ পর সাংসদ রহিম উল্যা ঘটনাস্থলে যান। এ সময় তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন ও দুটি উন্নয়নকাজ পরিদর্শন শেষে বাড়ি ফিরে যান।
সাংসদ রহিম উল্যা বলেন, ‘যুবলীগের নেতা নুরুল ইসলাম ওরফে ভুট্টুর নেতৃত্বে জলদস্যু ভাগিনা কালাম গ্রুপের ভাড়াটে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।’
সোনাগাজী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, সাংসদের সভাস্থলে দুর্বৃত্তদের হামলা ঠেকাতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। তিনি জানান, হামলায় দুজন কনস্টেবল আহত হয়েছেন।