ফেনীতে গত মঙ্গলবার দিবাগত রাতে মনির হোসেন (মোস্তফা মনির) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। হামলা চালানো হয় একটি তথ্যসেবাকেন্দ্রেও। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ফেনীতে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। নিহত মনির (৩২) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মধুয়্যাই গ্রামের অলি আহম্মদের ছেলে। জেলা বিএনপি এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করেছে।
নিহত মনিরের পরিবার ও দলীয় সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় মনির ফেনী সদর উপজেলার সুন্দরপুর বাজারে যান। এ সময় স্থানীয় পাঁচ-ছয়জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁকে একটি অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর কালীবাড়ির কাছে নিয়ে যায়। সেখানে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে মারা যান তিনি। গতকাল বুধবার বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোটখাটো কিছু ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বালিগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগ-ছাত্রলীগ ও বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা চলছে। এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।
এলাকাবাসী জানান, মনিরের মৃত্যুসংবাদ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কিছু নেতা-কর্মী বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর চালান ও বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন।
কামাল উদ্দিন বলেন, মনিরের ওপর হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু তার পরও যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন।
এদিকে বালিগাঁও ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা মহিউদ্দিন অভিযোগ করেন, একই রাতে সন্ত্রাসীরা এই কেন্দ্রে হামলা চালিয়ে কম্পিউটার ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করেছে।
গতকাল সকালে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ হামলার শিকার আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের বাড়ি এবং তথ্যসেবাকেন্দ্রটি পরিদর্শন করেছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, হত্যাকাণ্ড ও হামলা-ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হরতাল আহ্বান: হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেনী জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল আজ বৃহস্পতিবার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। হরতালের সমর্থনে গতকাল শহরে মিছিল বের করেন নেতা-কর্মীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির নিন্দা: মনিরের ওপর হামলা ও তাঁকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা-প্রতিবাদ জানান। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।