ফেনীতে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রাম থেকে হারুনুর রশিদ (৩০) নামে যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
হারুনুর রশিদের বাড়ি বন্দুয়া দৌলতপুর গ্রামে। তিনি একটি হত্যা ও একটি অপহরণ মামলার আসামি ছিলেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মজুমদার জানান, হারুনুর রশিদ উপজেলা যুবলীগের সদস্য।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গত বুধবার রাত নয়টার দিকে বন্দুয়া দৌলতপুর গ্রামে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করার পর গ্রামবাসী লাশটি হারুনুর রশিদের বলে শনাক্ত করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে গেছে।
পুলিশ জানায়, হারুনুর রশিদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা ও ফুলগাজী থানায় নারী অপহরণের একটি মামলা ছাড়াও অনেক অভিযোগ ছিল। তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে হারুনুর রশিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত হারুনুর রশিদের মা নূরজাহান বেগম জানান, গত বুধবার বিকেলে বোনের বাড়ি যাওয়ার কথা বলে তাঁর ছেলে বাসা থেকে বের হন।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, হারুনুর রশিদের মা গতকাল বিকেলে কোনো আসামির নাম উল্লেখ না করে ফুলগাজী থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে মামলার তদন্ত শুরু করেছে।