ফেনীতে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফেনীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার দায়ে অপর এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে। আজ রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. ইউছুফ (৩২)। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে ফেনী কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের আনোয়ার উল্যার ছেলে আমজাদ হোসেনের (২৭) সঙ্গে একই ইউনিয়নের কাতালিয়া গ্রামের সুলতান আহম্মদের ছেলে মো. ইউছুফের বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ১৩ নভেম্বর রাত আটটার দিকে আমজাদ স্থানীয় ফকিরহাট বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে মো.ইউছুফ একটি ছোরা হাতে সেখানে উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই ইউছুফ অতর্কিতে আমজাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে বুকে–পিঠে ছুরিকাঘাত করেন। আমজাদ তখনই মাটিতে লুটিয়ে পড়েন। রাতে পুলিশ ইউছুফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আমজাদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরের দিন চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যান।
এ ঘটনায় আমজাদের ভাই আমির হোসেন বাদী হয়ে মো. ইউছুফসহ দুজনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম গোলাম কিবরিয়া তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর একমাত্র আসামি মো. ইউছুফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ হত্যা মামলায় রায়ের খবরের সত্যতা নিশ্চিত করেন।