ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সোমবারিয়াহাটে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের এক নেতা আহত হয়েছেন।
ওই হামলার ঘটনায় আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আহত জয়নাল আবদীন (৩৫) সোমবারিয়াহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ধলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা জয়নালকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে জয়নালের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার ওরফে সবুজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দলীয় তদন্তে হামলার সঙ্গে নুরুল আফসারের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়।
পরে গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
নুরুল আফসারের বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন বলেন, আফসারের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বহু অভিযোগ আছে।