ফেনীতে হামলায় ৩ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে একটি ডাকাতির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরতে গিয়ে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ডাকাতির ঘটনায় সন্দেহভাজন মো. জাহিদ নামের এক ব্যক্তিকে ধরতে গত মঙ্গলবার গভীর রাতে পুলিশের একটি দল উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের চট্টগ্রাম সমাজ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মামুন রহমান। এ সময় জাহিদ ও তাঁর বাড়ির লোকজন ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। একপর্যায়ে জাহিদসহ তাঁর পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আবুল হাসেম আহত হন। এ ছাড়া ধস্তাধস্তিতে আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল মো. সফিউল্যাহ।
পুলিশ জানায়, কনস্টেবল আবুল হাসেম ও মো. সফিউল্যাহকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবুল হাসেমকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত এএসআই দেলোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার মামলা করেছেন। পুলিশ জাহিদ ও তাঁর বাবা ফকির আহাম্মদকে গ্রেপ্তার করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির একজন এএসআই ও দুজন কনস্টেবলের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
গত রোববার রাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি হয়। এলাকাবাসী ওই ডাকাতির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, ওই ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশ ওই অভিযান চালায়।