ফেনীর দাগনভূঞা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে গতকাল সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
একটি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীকে (১৬) গত বুধবার সকালে অপহরণ করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ওই ছাত্রীকে অপহরণ
করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের দেলোয়ার হোসেন ওরফে রিংকু (২৭), তাঁর সহযোগী সাইফুল ইসলাম (১৯), দুলাল (৪২), বাদলসহ (৩২) অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে দাগনভূঞা থানার পুলিশ কোম্পানীগঞ্জ থানার সহযোগিতায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। তবে অপহরণকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।