ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে ঘানার নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে গতকাল রোববার সকালে ঘানার এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আমেকো গডফ্রেড (৪৭)। তিনি ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন বলে পুলিশ জানায়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল সকালে পুলিশের একটি টহল দল পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামে একজন বিদেশি নাগরিককে ঘোরাফেরা করতে দেখে। এলাকাটি ভারত সীমান্তবর্তী। থানায় নিয়ে আসার পর তাঁর পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তিনি ঘানার নাগরিক। ঘানা থেকে তিনি ভারতে আসেন। সেখান থেকে অবৈধভাবে রাতের বেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
ওসি বলেন, অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ঘানার ওই নাগরিকের বিরুদ্ধে পরশুরাম থানায় মামলা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, এর আগে গত বছরের সেপ্টেম্বরে পরশুরামের সীমান্ত এলাকা থেকে দুই দফায় নাইজেরিয়ার চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁরা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।