জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার-ভর্তি ট্রাক নিয়ে যাওয়ার সময় তা ফের আটকে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির লোকজন। গতকাল সোমবার কারখানার ফটকে এ ঘটনা ঘটে।
গ্যাসের ডিলাররা অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন ওরফে বাদশার লোকজনের দাবি অনুযায়ী গ্যাসের এক ডিলার চাঁদা দিতে না পারায় তাঁরা কারখানার ফটকে গতকাল ট্রাক আটকে দিয়েছেন। এ ব্যাপারে তিনি কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও ডিলারদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানার তালিকাভুক্ত ডিলারদের কাছে তরল অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ভর্তি করে বিক্রি করা হয়। ডিলাররা কেনার পর সিলিন্ডার ট্রাকে ভরে বিভিন্ন স্থানে নিয়ে যান। এক বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডিলারদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। তিনি স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি সিলিন্ডারের জন্য ৫০০ টাকা ও বাইরের ডিলারদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এখন অসুস্থ। আমার জন্য সবাইকে দোয়া করতে বলিও।’
অ্যামোনিয়া গ্যাসের ডিলার মেসার্স প্রভা এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানের কর্মচারীরা গতকাল সকাল ১০টার দিকে ৪০টি সিলিন্ডারে গ্যাস ভরার জন্য কারখানার ভেতরে যান। এ সময় গ্যাস ভর্তির জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুসারীরা সিলিন্ডার-প্রতি ১০০ টাকা করে চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তাঁদের গ্যাস ভরতে দেওয়া হয়নি। পরে কারখানা কর্তৃপক্ষের সহায়তায় তিনি সিলিন্ডার ভর্তি করেন। কিন্তু পরে সিলিন্ডার-ভর্তি ট্রাক কারখানার ২ নম্বর ফটকের সামনে গেলে তাঁদের কাছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনের নির্দেশে তাঁর অনুসারী বেলাল হোসেন, বাবলু হোসেন ও আনছার প্রায় দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
মেসার্স প্রভা এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমান বলেন, ‘গত আগস্ট মাসে সিলিন্ডার ছাড়িয়ে নিতে সভাপতিকে ২ লাখ ৭ হাজার টাকা চাঁদা দিয়েছি। ফের চাঁদা না দেওয়ায় আমার গ্যাসভর্তি ৪০টি সিলিন্ডার সভাপতির নির্দেশে তাঁর অনুসারীরা আটকে দিয়েছেন।’ এ ব্যাপারে মিজানুর রহমান কারখানার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বরও চাঁদার জন্য তাঁর ট্রাক আটকে দেওয়া হয়েছিল। পরে কারখানা কর্তৃপক্ষ ও জেলা আওয়ামী লীগের সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সহায়তায় ট্রাক ছাড়িয়ে আনেন।
এ ব্যাপারে কারখানার এমডি মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি বিষয়টি দেখছেন।
বাংলাদেশ তরল অ্যামোনিয়া গ্যাস সমিতির সভাপতি কামরুল হাসান জানান, ‘সভাপতিকে চাঁদা না দিলে আমাদের কোনো ট্রাক বাইরে নিয়ে আসতে দেওয়া হয় না।’
গত ১৪ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘চাঁদা না দেওয়ায় ট্রাক আটকে দিলেন আ.লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।