মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত উচ্চবিদ্যালয়ে গত বুধবার আবার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারের ভাঙচুরের ঘটনা নিয়ে বুধবারের সালিস বৈঠকে প্রধান শিক্ষক হাজির না হওয়া কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে।
একই সঙ্গে ওই ছাত্ররা মহাসড়ক অবরোধ, বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। বারবার হামলার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমানের মধ্যে হাজিরা খাতায় সই দেওয়ার বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় কিছু শিক্ষার্থী সহকারী প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে স্কুলের দরজা-জানালা ভাঙচুর করে। ওই দিন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসা করার কথা বলে পরিস্থিতি শান্ত করেন। গত বুধবার দুপুর ১২টায় সালিস হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক সময়মতো সালিসে হাজির হননি। এতে ওই সহকারী শিক্ষকের পক্ষের কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে আবারও বিদ্যালয়ের কাচের দরজা-জানালা ভাঙচুর করে। তারা মিছিলসহ বেলা পৌনে একটায় ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকা অবরোধ করে রাখে।
পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এক সপ্তাহের মধ্যে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে বেলা একটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। অবরোধ শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নামে দরজায় সাদা কাগজে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে।
প্রধান শিক্ষক না থাকায় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকার লোকজন এক সপ্তাহের জন্য স্কুল পরিচালনার জন্য সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমানকে দায়িত্ব দিয়েছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। এ রকম পরিস্থিতিতে স্কুলের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ব্যবস্থাপনা কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘গতকালের (মঙ্গলবার) ঘটনায় আজকে (গত বুধবার) বসা হয়েছিল। প্রধান শিক্ষক উপস্থিত হননি। স্কুল পরিচালনা কমিটির সভাপতিও আসেননি। প্রায় চার-পাঁচ শ মানুষ ছিল। এ সময় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দরজা-জানালার কাচ, প্রধান শিক্ষকের নেমপ্লেট ভাঙচুর করেছে। কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।’
প্রধান শিক্ষক হাবিবুর রহমান গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি দেশে (ময়মনসিংহ) চলে এসেছি। আমার মা ক্লিনিকে। এ ছাড়া আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম। কয়েকজনকে বলে এসেছি। শুনেছি বহিরাগতরা আমার কক্ষে তালা ঝুলিয়েছে।’
এ বিষয়ে কথা বলার জন্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল বখতের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিন ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।’
গত বুধবার প্রথম আলোতে ‘দুই শিক্ষকের বিরোধের জের, মৌলভীবাজারে বিদ্যালয়ে ভাঙচুর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।