ফের শিক্ষার্থী পেটালেন প্রধান শিক্ষক
বরগুনা সদর উপজেলার দক্ষিণ লাকুরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথের বিরুদ্ধে আবারও দুই শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
দুই শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে গত বুধবার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে বেধড়ক পেটানো হয়। পরে প্রধান শিক্ষক তাদের (শিক্ষার্থী) পেটানোর কথা কাউকে না বলার জন্য শাসান। পিটুনির শিকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন পরদিন বিদ্যালয়ে হাজির হলেও সাগর ব্যাপারী নামে অপর শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।
এর আগে দিলীপ কুমার বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলা-হাজারবিঘা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ৪ মার্চ দুপুরে তাঁর মোটরসাইকেলের সংকেতবাতি ভেঙে ফেলার অপরাধে পাশের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। সম্প্রতি তিনি সদর উপজেলার দক্ষিণ লাকুরতলা প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন।
শিক্ষার্থী মারুফ জানায়, গত বুধবার দুপুরে বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির সময় মারুফ ও সাগর ফুটবল খেলা শেষে বিদ্যালয়ের বারান্দায় রাখা ছবির বোর্ডের নিচে বল রাখতে যায়। তখন তাদের গায়ে লেগে বোর্ডটি নিচে পড়ে যায়। এ ঘটনায় প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথ তাদের দুজনকে ডেকে তাঁর কার্যালয়ে নেন এবং বেধড়ক পেটান। এরপর দুই শিক্ষার্থীকে এই ঘটনা কাউকে জানালে আরও পেটানো হবে বলে হুমকি দেন।
সাগরের বোন বরগুনা আদর্শ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা ব্যাপারী গতকাল দুপুরে বলে, ‘পেটানোর ঘটনা সাগর আমাদের জানায়নি। কিন্তু পরদিন থেকে সে আর ভয়ে বিদ্যালয়ে যায়নি। পরে অন্য ছাত্রদের কাছ থেকে দিলীপ স্যারের মারধরের ঘটনা শুনি।’
তবে প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথ ওই দুই শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ অস্বীকার করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘কোনো শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’