স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১৫টি বসতঘর ও দেড় শতাধিক দোকানে ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে দুই পক্ষের ৫০ জন আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। ফের সংঘর্ষ হওয়ার আশঙ্কায় পৌরসভার পীরবাড়ি এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে শরীফপুর এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ওই এলাকার লোকজন পীরবাড়ি এলাকার কাউছার মিয়াকে আটকে রাখেন। এই ঘটনার জের ধরে গত শুক্র ও শনিবার দুই গ্রামের লোকজনের সংঘর্ষে ৩০ জন আহত হয়। এই সময় ১০টি বসতঘর ও ১৫টি দোকান ভাঙচুর এবং একটি বসতঘরে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পীরবাড়ি বাজারে শরীফপুরের আতিকুর রহমানের সঙ্গে পীরবাড়ি এলাকার এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের দেড় শতাধিক দোকান ভাঙচুর এবং ৩০-৪০টি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া পীরবাড়ি বাজারে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পীরবাড়ি বাজারে থাকা ১ নম্বর ওয়ার্ড শরীফপুরের (মেড্ডা, শরীফপুর ও পীরবাড়ি) কাউন্সিলর সাদেকুর রহমানের কার্যালয়েও ভাঙচুর করা হয়।
গতকাল মঙ্গলবার সরজমিনে দেখা যায়, পীরবাড়ি ও শরীফপুর এলাকার তিন শতাধিক দোকান বন্ধ। পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল দুটি পড়ে আছে পীরবাড়ির একটি বিপণিবিতানের সামনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটাই গ্রামের বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, ‘আমার একটি দোকান থেকে পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে। তাই অন্য দোকান থেকে মাল সরিয়ে নিচ্ছি। আমরা কোনো পক্ষের না হয়েও বর্বরতার শিকার হয়েছি।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুর রহমান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানান, পৌর মেয়র বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে পৌর কার্যালয়ে ডেকেছেন। এখন উভয় পক্ষের লোকজনকে নিয়ে তিনি আলোচনা করছেন।