বরগুনার পাথরঘাটায় একটি বেসরকারি সংস্থা গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার সহস্রাধিক গ্রাহক।
হাতেমপুর গ্রামের মিনারা বেগম, চরলাঠিমারা গ্রামের বেলায়েত হোসেন, বাদুরতলা গ্রামের সোহরাব হোসেন ও মঠেরখাল গ্রামের সুলতান হাওলাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে ওই সংস্থায় পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি ১০০ থেকে এক হাজার টাকার ডিপিএস (সঞ্চয়ী আমানত) করেছেন স্থানীয় শত শত মানুষ। বাড়ি বাড়ি গিয়ে প্রতি মাসে টাকা তোলেন সংস্থার মাঠকর্মীরা।
একই সঙ্গে পাঁচ বছর ও ১০ বছর মেয়াদি ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানতের হিসাব খোলেন গ্রাহকেরা। এ সময় ওই দুই প্রকল্পের মেয়াদ শেষে জমাকৃত টাকার দ্বিগুণ বা তার কম-বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়।
তবে মেয়াদ শেষে এখন আসল টাকা তুলতেও ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা।
চরলাঠিমারা গ্রামের গ্রাহক আলতাফ হোসেন বলেন, ‘আমি পাঁচ বছর মেয়াদি ৫০০ টাকার ডিপিএস করেছিলাম। আট মাস আগে ওই ডিপিএসের মেয়াদ পূর্ণ হয়। কিন্তু বহুবার তাদের কার্যালয়ে গিয়েও ওই টাকা পাইনি।’
ফাউন্ডেশনের খলিফারহাট কেন্দ্রের গ্রাহক পারভীন বেগম বলেন, তিনি প্রায় সাড়ে চার বছর আগে পাঁচ বছর মেয়াদি একটি ডিপিএস করেন। কিন্তু তারা গ্রাহকের টাকা যথাযথভাবে ফেরত দেয় না জেনে আড়াই বছর ডিপিএস চালিয়ে সেটি বন্ধ করে দেন। কিন্তু জমাকৃত ১৫ হাজার টাকা দুই বছরেও ফেরত পাননি।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জি এস শাহীন মোল্লা বলেন, বাদুরতলা, চরলাঠিমারা ও হাতেমপুর গ্রামের ৩১৭ জন গ্রাহক তাঁদের পাস বই নিয়ে গত শনিবার অভিযোগ জানাতে পরিষদে এসেছিলেন। ওই গ্রাহকেরা প্রায় ১৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন না।
এ প্রসঙ্গে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছগির হোসেন বলেন, মেয়াদ পূর্ণ করা সঞ্চয়ের টাকা ও মেয়াদের আগে উত্তোলন-ইচ্ছুক গ্রাহকদের তালিকা করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ টাকার পরিমাণ প্রায় সাত কোটি টাকা। তবে দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা তুলতে ভোগান্তির কথা তিনি স্বীকার করেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন সরকার মুঠোফোনে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার সুযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।