ফেরি করে বিক্রি হচ্ছে অতিথি পাখি
নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটবাজারে দেদার বিক্রি হচ্ছে অতিথি পাখি। একশ্রেণির পেশাদার ও মৌসুমি পাখি বিক্রেতা এলাকায় ফেরি করে ও বাজারের মোড়ে বসে এসব অতিথি পাখি বিক্রি করছেন। প্রকাশ্যে এসব পাখি বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
গত মঙ্গলবার দুপুরে শহরের চাঁচকৈড় হাটে আবদুস সাত্তার (৫০) নামে এক পেশাদার পাখি বিক্রেতাকে ফেরি করে পাখি বিক্রি করতে দেখা গেছে। তাঁর হাতে ছিল ১২টি অতিথি পাখি। ১ হালি পাখি ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। অনেকেই দরদাম করছিলেন। আবদুস সাত্তার বলেন, ২০ বছর ধরে তিনি বছরের এ সময়টায় এ রকম পাখি বিক্রি করেন। তাঁর দাবি, দেশের বিভিন্ন এলাকা থেকে এসব পাখি কিনে এনে বিক্রি করছেন তিনি। এ ছাড়া একটি চক্রের সদস্যরা যশোর, দিনাজপুর ও হাওড় অঞ্চল থেকে অতিথি পাখি শিকার করে তাঁর কাছে পৌঁছে দেন। এসব পাখির মধ্যে রয়েছে বক, বালিহাঁস, সারস, মাছরাঙা, পানকৌড়ি প্রভৃতি। এই অতিথি পাখি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বড় ব্যবসায়ীরাই বেশি কেনেন বলে জানান তিনি। সংশ্লিষ্ট লোকজনকে ম্যানেজ করেই অবৈধ এ ব্যবসা করে আসছেন বলে জানান আবদুস সাত্তার।
এলাকাবাসী বলেন, পানি নেমে যাওয়ায় চলনবিলের জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। এ সময় জলাশয়গুলোতে মিলছে পুঁটি, খলশে, দারকের মতো ছোট ছোট মাছ। এই মাছ খাওয়ার লোভেই চলনবিলে অতিথি পাখির ঝাঁক আসে। একশ্রেণির লোক বিষটোপ-বড়শিসহ নানা ধরনের ফাঁদ পেতে নির্বিচারে এসব অতিথি পাখি শিকার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পাখি শিকারি বলেন, চলনবিলের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, তাড়াশ, চাটমোহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে খুঁটি পুঁতে কলাপাতা ও খেজুরগাছের ডাল দিয়ে বিশেষ কায়দায় তৈরি ফাঁদ দিয়ে পাখি ধরেন তাঁরা।
বড়াইগ্রাম উপজেলার মাড়িয়া গ্রামের এক শিকারি বলেন, প্রতিদিন ৪০ থেকে ৬০টি বক ধরেন তিনি। হাটবাজারে নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বিক্রি হয়ে যায়।
একই গ্রামের জাহিদুল ও ইয়ারুল ইসলাম নামে দুই ব্যক্তি বলেন, বাজারে ১ জোড়া বক ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখেছেন তাঁরা। তবে গ্রামাঞ্চলে দাম আরও কম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, পাখি বিক্রির বিষয়টি তাঁর জানা নেই। তা ছাড়া বিষয়টি তদারকির দায়িত্ব বন বিভাগের।
গুরুদাসপুর বন বিভাগের সহকারী কর্মকর্তা আল-ইয়াদুল বারী বলেন, ‘পাখি শিকার ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে জনবল কম থাকায় তেমন কাজ হচ্ছে না।’