ফেরিওয়ালার বেশ ধরেও শেষরক্ষা হলো না
ফেরিওয়ালার বেশ ধরেও শেষ রক্ষা হলো না, ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢূষার সেতু এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন।
গ্রেপ্তার হওয়া দুইমাদক ব্যবসায়ী হলেন মো. মুকুল মিয়া (৪৬) ও মো. মিনাজুল হক (৪৫)। তাঁরা বগুড়ার সোনাতলা উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা।
পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘আমরা কয়েকজন গোপনে আদিতমারীর ভেলাবাড়ী ও দুরাকুটি সড়কেরঢূষার সেতু এলাকার অদূরে অবস্থানের সময় ফেরিওয়ালার বেশধারী মুকুল ও মিনাজুলকে দেখতে পেয়ে থামতে বলি। তাঁরা ৫ ও ১০ টাকা মূল্যের প্লাস্টিকে হরেক মালের বিক্রেতা বলে আমাদের কাছে দাবি করেন। আমরা চারটি বাঁশের ডালির ওপরের প্লাস্টিকের পণ্যসামগ্রী নামানোর পর দেখতে পাই প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো আটটি বিশেষ পোঁটলা। একপর্যায়ে তাঁরা এগুলো গাঁজা বলে স্বীকার করেন। এসব গাঁজার আনুমানিক ওজন ৫০ কেজি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গাঁজাগুলো রাখা হয়েছে। মুকুল ও মিনাজুলকে থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর চন্দ্র বর্মণ গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে গতকাল মুকুল ও মিনাজুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।