ফেরিঘাটে চাঁদাবাজি, বিড়ম্বনায় যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দি ফেরিঘাটে সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদাবাজির কারণে সাধারণ যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে।
জানা গেছে, কড়িকান্দি ফেরিঘাট এলাকায় মানিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার নেতৃত্বে চাঁদাবাজি চলছে। প্রতিদিন ওই ঘাট এলাকা থেকে এক হাজার টাকা আদায় করা হচ্ছে। এ ঘাট দিয়ে প্রতিদিন শতাধিক অটোরিকশা চলাচল করে।
বাহেরচর গ্রামের রাজ মিয়া বলেন, ‘আমরা তিনজন মিলে প্রতিদিন সিএনজির সিরিয়াল দিই। প্রতিটি অটোরিকশা থেকে ২০ টাকা করে তুলি। ওই টাকা থেকে প্রতিদিন এক হাজার টাকা বাবুল মিয়ার কাছে দিতে হয় এবং বাকি টাকা আমরা ভাগ করে নিই।’
বাবুল মিয়া বলেন, ‘সিএনজি অটোরিকশা থেকে চাঁদা উঠাইয়া কিছু টাকা দেয় আর সেই টাকা থেকে আমরা কয়েকজন ভাগ করে নিই। সিরিয়াল দেওয়ার কাজে যাঁরা থাকেন, তাঁদের খরচ চালানোর জন্য চাঁদা আদায় করা হচ্ছে।’
কড়িকান্দি ফেরিঘাট এলাকায় ১ অক্টোবর গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে উপজেলার বিভিন্ন স্থানসহ পাশের নবীনগর, মুরাদনগর এবং হোমনা উপজেলার মানুষ অটোরিকশায় যাতায়াত করে। মুরাদনগরের রামচন্দ্রপুর পর্যন্ত ২৫ কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ১০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। নবীনগরের সলিমগঞ্জ পর্যন্ত ২১ কিলোমিটারের জন্য নেওয়া হচ্ছে ৮০ টাকা।
অটোরিকশার চালক মামুন মিয়া বলেন, ফেরিঘাটে কাছের গন্তব্যের জন্য ২০ ও দূরের গন্তব্যের জন্য ৫০ টাকা পর্যন্ত দিতে হয়।
বিষনন্দি ফেরিঘাট এলাকায় একই কায়দায় চাঁদাবাজি হচ্ছে। গন্তব্য অনুসারে প্রতিটি অটোরিকশা থেকে ৪০ থেকে ১০০ টাকা আদায় করা হয়। এ ঘাট থেকে প্রত্যেক যাত্রীর কাছ থেকে যাত্রাবাড়ী, নন্দীপাড়া পর্যন্ত ১২০ টাকা, চিটাগাং রোড পর্যন্ত ১০০ টাকা, নরসিংদীর মাধবদী পর্যন্ত ৬০ টাকা করে নেওয়া হয়। প্রতিদিন এ ঘাটে আসা ২৫০-৩০০টি অটোরিকশা থেকে ১৫-২০ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
অটোরিকশাচালক আলমগীর হোসেন বলেন, ‘ফেরিঘাট থেকে যাত্রাবাড়ীতে একটা ট্রিপ লইয়া গেলে ঘাটে ৬০ টেকা চাঁদা দিতে হয় আর চাঁদা না দিলে কোনো যাত্রী নিতে দেয় না। যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া লইয়াই চাঁদার টাকা দিতে হয়।’
বিষনন্দি গ্রামের আবদুল মান্নান বলেন, ‘প্রতিটি সিএনজি থেকে ৪০-৬০ টাকা উঠাই। আমি ৩০০ টাকা বেতনে প্রতিদিন কাজ করি। টাকা উঠাইয়া আলাল ভাইয়ের কাছে জমা দিই।’
বিষনন্দি গ্রামের আলাল হোসেন বলেন, ‘ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি সিএনজি থেকে ৪০ টাকা করে নিই। গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য টাকাটা নিতে হয়। আর থানার পুলিশ ও এলাকার নেতারা ঘাটে আইলে তাঁদের আপ্যায়ন করাইয়া খুশি করতে হয়।’ তিনি দাবি করেন, ‘সড়ক ও জনপথের লোকজন আমাকে কোনো সময় বাধা দেয়িন আর অনুমতিও েনই।’
সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের উপসহকারী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বলেন, ফেরিঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কোনো বৈধতা েনই। শুনেছি স্থানীয় লোকজন অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা তুলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল হক জানান, তিনি এখানে নতুন এসেছেন। বিষনন্দি ঘাটে চাঁদাবাজি হওয়ার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।