ফেরিতে আবারও সক্রিয় জুয়াড়ি চক্র, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলা ফেরিগুলোতে আবারও সক্রিয় হয়ে উঠেছে জুয়াড়ি চক্র। গত রোববার রাতে বেশ কয়েকজন বাসযাত্রীকে ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছে একটি চক্র। পুলিশ রাতেই ওই চক্রের তিনজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ঈগল পরিবহনের যাত্রী ও গোয়ালন্দের ব্যবসায়ী ফিরোজ মাহমুদের ভাষ্য, রাত আটটার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় রো রো ফেরি শাহ জালাল। ফেরিটি মাঝনদীতে আসামাত্র চার-পাঁচ জনের একটি দল কুপিবাতি জ্বালিয়ে এক পাশে তাস নিয়ে বসে পড়ে। তারা একটি লাল ও দুটি কালো রঙের তাস উল্টো করে রেখে বলে, কোন কার্ডটি লাল।
লাল তাসটির ওপর যিনি যত টাকা বাজি ধরবেন, বিজয়ী হলে তিনি পাবেন তার তিনগুণ বেশি টাকা। আর কালো তাসের ওপর ধরলে কিছুই পাবেন না। এভাবে পাতানো খেলায় চক্রের সদস্যরাই প্রথমে যাত্রী সেজে অংশ নেয়। পরে তা দেখে অন্যরা আকৃষ্ট হয়ে খেলতে বসলে তাঁদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হয়।
ফিরোজ মাহমুদ বলেন, এভাবে তাঁরই সামনে হানিফ পরিবহনের এক বাসযাত্রীর কয়েক হাজার টাকা ও ঈগল পরিবহনের দুই বাসযাত্রীর কাছ থেকে তিন হাজার টাকা কেড়ে নেয় প্রতারকেরা। হানিফ পরিবহনের যাত্রী বাড়ি যাওয়ার ভাড়া চাইলে তাঁকে মারধর করা হয়। ফেরিটি দৌলতদিয়া ঘাটে ভেড়ামাত্র জুয়াড়িরা নেমে পড়ে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, ফেরিতে জুয়াড়ি চক্র সক্রিয় হয়ে উঠেছে—এমন তথ্য পেয়ে রোববার রাতেই নৌ-পুলিশ অভিযান চালায়। রাত দুইটার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা শাহ জালাল ফেরি থেকে মো. মিজান শেখ (২৮), বরকত মোল্যা (৩২) ও মুনু ফকিরকে (৩৩) আটক করা হয়।